এরশাদুল হক, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ মো. খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি লাল-খয়েরি রঙের ইজিবাইকও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার তছিমের ডালা সেতুর ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে দোয়ারাবাজার থানাধীন বালিউরা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার তছিমের ডালা সেতুর ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি লাল-খয়েরি রঙের একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দলের সদস্যরা তাঁকে আটক করেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে বিদেশি মদ থাকার কথা জানা যায়। পরে তাঁর দেখানো মতে ইজিবাইকের ভেতরে রাখা দুটি পাটের বস্তা তল্লাশি করে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মদসহ ইজিবাইকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোকন মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে।
এসআরবি-৯ সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুনঃ
