বরগুনার আমতলীতে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে উপজেলা জুড়ে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে ১১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আমতলী পৌর শহরের বটতলাসহ বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। আমতলী থানা সূত্রে জানা গেছে, আটক ১১ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক। বাকি ৭ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশে এসব অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
