সাউদার্ন ইউনিভার্সিটিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশীয় খাবারের পুষ্টিগুণ, সুস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্যের ভূমিকা এবং হোটেলশিল্পে খাদ্য অপচয় কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে হসপিটালিটি স্টুডেন্টস লিডারশিপ কাউন্সিল (এইচএসএলসি)। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি নিশ্চিতকরণ’।
সেমিনারে পুষ্টিবিদ ড. হাসিনা আখতার লিপি দেশীয় ফলমূল ও খাদ্যসামগ্রীর পুষ্টিগুণ তুলে ধরেন। সুস্বাস্থ্য রক্ষায় এসব খাবারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের সহকারী পরিচালক গাজী মহিউদ্দিন হোটেলশিল্পে খাবারের গুণগত মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার প্রক্রিয়া ব্যাখ্যা করেন। অন্যদিকে দ্য পেনিনসুলা চট্টগ্রামের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেন হোটেলশিল্পে ব্যবহৃত খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে অপচয় কমানোর উপায় তুলে ধরেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান।
এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. শওকতুল মেহের এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. ইসরাত জাহান আলোচনার বিষয়গুলো পর্যালোচনা করে খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
The post সাউদার্ন ইউনিভার্সিটিতে খাদ্য অপচয় রোধ ও পুষ্টি বিষয়ক সেমিনার appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
