আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরকে সামনে রেখে খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আট ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ তারকারা।বাংলাদেশের বাকি পাঁচ ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
এবারের ড্রাফটে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ; ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও রয়েছেন।
প্রথমে গত ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর।এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুটি দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ড্রাফটে নাম নিবন্ধন করলেও বাংলাদেশের আট ক্রিকেটারের কেউ দল পাবেন কি না, তা চূড়ান্ত বাছাইয়ের পর জানা যাবে।
The post এপিএলের ড্রাফটে সাকিব-মুশফিক-মুস্তাফিজসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার appeared first on Mohona Tv.
