স্টাফ রিপোর্টার ॥
নিজ উদ্যোগে প্রায় তিন দশক ধরে বৃক্ষরোপণ করে দৃষ্টান্ত স্থাপন করা ভোলার চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম রেজাউল কিবরিয়া বাবুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর দীর্ঘদিনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাবুলের পাশাপাশি নিজ নিজ কর্মের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা আরও দুজন ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রেজাউল কিবরিয়া বাবুল পেশায় একজন মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি নিজের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে প্রায় তিন দশক ধরে এলাকার বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে আসছেন তিনি। তাঁর লাগানো সারি সারি তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ এখন বড় হয়ে সড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পথচারীদের ছায়া দিচ্ছে।
বাবুলের বৃক্ষরোপণ কার্যক্রমের শুরু ১৯৯৩-৯৪ সালের দিকে। ওই সময় পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় আট লাখ টাকা ব্যয়ে একটি নার্সারি গড়ে তোলেন তিনি। পরে সেই নার্সারিতে উৎপাদিত চারা দিয়ে বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ শুরু করেন। নিজের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা লাগিয়েছেন তিনি। এর মধ্যে তালগাছের বীজ ও চারার সংখ্যাই প্রায় ২৫ থেকে ৩০ হাজার।
![]()
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাবুলের দীর্ঘদিনের পরিশ্রম, জীবনসংগ্রাম ও পরিবেশ সংরক্ষণে তাঁর অবদানের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী তাঁর উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মকা- অব্যাহত রাখতে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেন।
ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসা বাবুলের এই স্বীকৃতি চরফ্যাশনবাসীর জন্যও গর্বের। তাঁর ব্যতিক্রমী উদ্যোগ অন্যদের বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।
