নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি মার্কাস মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. ইব্রাহিমের গোডাউনে থাকা মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবু মার্কেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, গোডাউনের পাশেই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় সৃষ্ট আগুনের ফুলকি থেকে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
গোডাউন মালিক ইব্রাহিম বলেন, আগুনে গোডাউনটিতে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগামীকাল এসব মালামাল ডেলিভারি দেওয়ার কথা ছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’
