কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালা থেকে মুক্তি পেয়ে অবশেষে দেশে ফিরছেন ৩০ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
অভিবাসন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন'-এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগী ৩০ বাংলাদেশি উন্নত জীবনের আশায় বিভিন্ন সময়ে কম্বোডিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর একটি প্রতারক চক্র তাদেরকে জিম্মি করে অনলাইন স্ক্যামের মতো বেআইনি কাজে বাধ্য করে। পরবর্তীতে কম্বোডিয়া সরকার তাদেরকে উদ্ধার করে দেশে ফেরার সুযোগ করে দিলেও গত ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বন্দিশালায় পাঠায়।
ঘটনাটি জানার পর 'অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন' বন্দি বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়ে সরকারের কাছে সহযোগিতা কামনা করে।
এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি নির্দেশনাপত্র পাঠায়। দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় বন্দি বাংলাদেশিরা মুক্তি লাভ করেন এবং আজ তারা স্বদেশের পথে পা বাড়াচ্ছেন বলে সংগঠনের বিবৃতিতে জানানো হয়েছে।
