চাঁদপুর পৌরসভার একটি মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ সাজানো হয়েছে মাদকবিরোধী সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে।
মণ্ডপের প্রবেশপথের এক পাশে তুলে ধরা হয়েছে মাদকের ভয়াবহ ক্ষতি, অন্য পাশে রয়েছে সুস্থ ও সুন্দর জীবনের ছবি। পাশাপাশি দেখানো হয়েছে গাছ লাগনো ও পরিবেশ রক্ষার গুরুত্ব।
পৌরসভার দাসপাড়া এলাকার দাসপাড়া দুর্গা মন্দিরে ধর্মীয় উৎসবের পাশাপাশি মানুষকে সচেতন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস।
এবার মন্দিরের পূজার প্রতিপাদ্য, ‘মাদক নয়, সুস্থ জীবন গড়ি, মাদক থেকে রক্ষা পাই’।
প্রদীপ কুমার দাস বলেন, “আমরা এবার দুর্গাপূজায় মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার চিত্র তুলে ধরেছি। বর্তমান সামাজিক পরিস্থিতি বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
পূজা দেখতে আসা সুমন বলেন, মাদকের কারণে সমাজ নষ্ট হচ্ছে। সেই সমাজকে রক্ষা করতে দুর্গাপূজায় এমন প্রচারণা তার ভালো লেগেছে।
দর্শনার্থী সাবিত্রীও এ আয়োজনের প্রশংসা করেন। তার মতে, ধর্মীয় উৎসবের সঙ্গে সামাজিক সচেতনতার বিষয় যুক্ত হওয়ায় মানুষ আনন্দের পাশাপাশি বার্তাও পাচ্ছেন।
মন্দিরের পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক উৎপল চন্দ্র দাস বলেন, মণ্ডপের প্রবেশপথে মাদকাসক্তির পরিণতি ও সুস্থ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার গুরুত্বও বোঝানোর চেষ্টা করা হয়েছে।
তার মতে, পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মানুষের কাছে ভালো বার্তা পৌঁছে দেওয়ারও একটি সুযোগ।
মণ্ডপটি পরিদর্শন করে উদ্যোগটির প্রশংসা করেন পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. নাজিমুল হক।
তিনি বলেন, ধর্মীয় আয়োজনে অনেক মানুষের সমাগম হয়। এ সুযোগে মাদকবিরোধী সচেতনতা তৈরি করা ভালো উদ্যোগ।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, মাদক প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও বিভিন্ন সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।
সুজন- সুশাসনের জন্য নাগরিক, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ক্ষতি করে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। দুর্গাপূজার মতো বড় উৎসবে মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে তরুণদের সচেতন করা সম্ভব। সবাই মিলে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।
