চট্টগ্রামের হাটহাজারীতে রাঙ্গামাটি মহাসড়কে পুলিশের চেকপোস্টে একটি পিকআপ ভ্যান থেকে ১০ বস্তায় ৩০০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের চেকপোস্টে একটি পিকআপ ভ্যান থেকে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সুহাগ (২০) ও মো. রোহান (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী পৌর সদরে উপজেলা পরিষদের পূর্ব পাশে রাঙ্গামাটি মহাসড়কে এ অভিযান চালানো হয়। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে রাঙ্গামাটি মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় রাঙ্গামাটির দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির পেছনে মালামাল রাখার স্থান থেকে ১০টি বস্তায় ভর্তি আনুমানিক ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাঙ্গামাটি সদর উপজেলার তোবলছড়ি গ্রামের স্বর্ণাটিলা এলাকার মুসলিম পাড়ার মজিবরের ছেলে মো. সুহাগ এবং একই এলাকার মো. লোকমানের ছেলে মো. রোহান।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
