সংবাদ · সাধারণ
ফতুল্লায় হাত-পা বাঁধা বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার
১১/১০/২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে সালোয়ার-কামিজ ছিল বলে জানিয়েছে পুলিশ।ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশের ঝোপে একটি বস্তা পাওয়া যায় এবং বস্তা খুলে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান তারা।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রাতের কোনো একসময় ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।নিহত তরুণীর পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗