বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি আরব ও কাতারের সঙ্গে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম সম্মেলনের পার্শ্ববৈঠকের অংশ হিসেবে তিনি দেশ দুটির জ্বালানি খাতের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবি এবং আকওয়া পাওয়ারের প্রধান নির্বাহী সামির জে সেরহানের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ, দীর্ঘমেয়াদি সরবরাহ ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
সৌদি আরবের প্রতিনিধির সঙ্গে বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। তিনি হামলার নিন্দা জানান এবং এ কঠিন সময়ে সৌদি আরবের জনগণের পাশে বাংলাদেশের সরকার ও জনগণ রয়েছে বলে উল্লেখ করেন। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তার বিষয়েও তিনি অবহিত করেন।
এ ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহত বাংলাদেশিদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাওয়া হয়। জবাবে সৌদি আরবের প্রতিনিধি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং একটি সমঝোতা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ, ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল স্থাপন এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ও আলোচনায় উঠে আসে।
কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা এবং বর্তমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা, কাতারের আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে গ্যাস সংগ্রহ এবং আমদানির উৎস ও পরিবহনপথে বৈচিত্র্য আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
দিনের তৃতীয় বৈঠকে আকওয়া পাওয়ারের প্রধান নির্বাহী সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। বৈঠকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এসব বৈঠকের মাধ্যমে জ্বালানি আমদানির নির্ভরযোগ্যতা বাড়ানো, দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। তবে আলোচনার ভিত্তিতে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
-20261012022428.jpg&w=1440&q=75)