চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে চাঁদপুর পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। এতে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের সদস্য এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জলসায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আ. লতিফ পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ কাজী মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন আলাউদ্দিন খিলজি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আব্দুর রহিম এবং ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা তসলিম আহমেদ রিমন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কাজী মাহবুবুর রহমান বলেন, মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং পারস্পরিক সম্প্রীতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত, তরিকত, আত্মশুদ্ধি এবং ধর্মীয় বিধিবিধান পালনের তাৎপর্য তুলে ধরেন। তারা নৈতিক চরিত্র গঠন, ইসলামী শিক্ষার অনুসরণ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
জলসায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ধর্মীয় আলোচনা ও নসিহত চলে। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
বিআলো/আমিনা