নিখোঁজের ১০ দিন পর কুমিল্লার লাকসাম থেকে কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউসার তারাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর কাউসার আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর রোববার তারাপুর গ্রামের ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাকসাম থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উদ্ধারকাজের সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দি কিছু সিগারেট উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা বলছেন, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরি হয়েছিল। মারদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সিগারেটের বস্তাটি সেই চুরির ঘটনার সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে তাদের ধারণা। ওসি কাজী কামরুন্নাহার লায়লী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনার নেপথ্যে কী ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।