‘নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ত’
১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত, এমনকি দেশের পরিস্থিতি সিকিমের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি অতীতে যেসব সতর্কবার্তা দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেগুলোর তাৎপর্য উপলব্ধি করা যাচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এম রশিদুজ্জামান মিল্লাত অভিযোগ করেন, ওই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের ঘটনায় দলটির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা ছিল। নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানো এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টাও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পুনরায় ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষাকে হাস্যকর উল্লেখ করে মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতনের পর কোনো সরকার আগের অবস্থানে ফিরে এসেছে—ইতিহাসে এমন নজির নেই বলে তিনি মনে করেন।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের দূরদর্শী পরিকল্পনার অভাবেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন গ্যাসকূপ খনন এবং ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় এখন সাধারণ মানুষকে সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।
