চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বাড়িতে প্রবেশের পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনার প্রতিবাদে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। এ সময় তারা বাড়িতে যাতায়াতের পথ উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় তারা অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এতে পরিবারের সদস্যদের পাশাপাশি স্কুলপড়ুয়া সন্তানদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আখি আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তারা বাড়িটি নির্মাণ করেছেন।
বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তারা সমস্যায় পড়েছেন। বেড়ার কারণে তার ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুলে যেতে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে।
মামুন মোল্লার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে আশরাফুল জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির সামনে বেড়া থাকায় সাইকেল নিয়ে বের হতে পারছে না সে। স্কুল ও কোচিংয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাকে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, জমিটি তার এবং সেখানে একটি কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি বেড়া দিয়েছেন বলে দাবি করেন।
এ ঘটনায় জমির মালিকানা, কবরস্থানের সীমানা ও বসতবাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে বাড়িতে যাতায়াতের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিআলো/আমিনা