আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর ফলে নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহীদের ন্যূনতম ২১ বছর বয়সের পাশাপাশি সর্বোচ্চ ৩৫ বছর বয়সসীমার শর্তও পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিজ্ঞাপন
এর আগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সুপারিশ করে বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটি। ২০২৪ সালের ৬ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের প্রেক্ষাপটে কমিটি এ বিষয়ে যৌক্তিক বয়সসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরে।
কমিটির মতামতে বলা হয়, আইন পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিত করা এবং পেশাকে আরও গতিশীল রাখার লক্ষ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন।
পরে কমিটির প্রস্তাব ও সুপারিশ ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের বিষয়ে একমত হন।
বিজ্ঞাপন
বর্তমানে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ২৭(১)(খ) অনুচ্ছেদ অনুযায়ী, আইন পেশায় প্রবেশের ন্যূনতম বয়স ২১ বছর। এত দিন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা ছিল না। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সসীমাও প্রযোজ্য হবে।
জানা গেছে, সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা নির্ধারিত রয়েছে। তবে অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের পেশা থেকে অবসরের বিষয়ে নির্দিষ্ট কোনো বয়সসীমা আইন দ্বারা নির্ধারিত নেই।
এফএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
