দিনাজপুরের বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. খায়রুল ইসলাম মন্ডল।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন তাঁকে প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান এবং সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের আশা, বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপিত হলে দিনাজপুরের দক্ষিণাঞ্চলসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কাজে দূরবর্তী স্থানে যাতায়াতের ভোগান্তি কমবে এবং এ অঞ্চলে উচ্চশিক্ষার পরিবেশ উন্নয়নে ক্যাম্পাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
