প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২০০টি ট্রলি সরবরাহ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এসব ট্রলি সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে বিদেশফেরত ও বিদেশগামী প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহন আরও সহজ হবে।
জাপানে কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী জানান, প্রচলিত ‘টেকনিক্যাল ইন্টার্নশিপ’ পদ্ধতির পরিবর্তে নতুন ‘অ্যামপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইএসডিপি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, দুই দেশের মধ্যে কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের সুযোগ বাড়বে। এর ফলে বাংলাদেশি কর্মীদের উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যতামূলক বিধানও চুক্তিতে রাখা হয়নি।
সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিহতদের একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়। তিনি বলেন, আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post প্রবাসীদের সেবায় শাহজালালে যুক্ত হলো ১৫০ নতুন ট্রলি appeared first on ভোরের চেতনা.
