Published on
:
1 min read
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল RPF। শুক্রবার দুপুরে সুরাট রেল ইয়ার্ড ও তাপী নদীর ধার থেকে তাদের পাকড়াও করা হয়েছে। RPF-সূত্রে খবর, জেরায় ধৃতেরা দাবি করেছেন, নিছক মজা করতেই তাঁরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছিলেন। ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের তিনটি জানলার কাচ ভাঙলেও কোনও যাত্রী বা রেলকর্মী আহত হননি।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উদয়পুর থেকে সুরাট যাওয়ার পথে উত্রান স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। অভিযোগ, বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ে কয়েক জন যুবক। তার জেরে কামরার দু’টি কাচ এবং প্যান্ট্রির কাচের প্যানেল ভেঙে যায়। বিষয়টা নজরে আসার পরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। বন্দে ভারত এক্সপ্রেসের ফুটেজও খতিয়ে দেখা হয়। তখনই রেললাইনের পাশে কয়েক জন যুবকের হদিশ মেলে। সেই সূত্র ধরে সুরাট রেল ইয়ার্ড ও তাপী নদীর ধারে তল্লাশি চালিয়ে গোলুকুমার চৌধুরী, সন্দেশ কুমার ও সন্তোষ মুখিয়া নামে তিন যুবককে গ্রেপ্তার করে সুরাটের RPF।
তদন্তকারীদের দাবি, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার কথা স্বীকার করে নিয়েছেন ধৃত তিন যুবক। জেরায় অভিযুক্তরা জানিয়েছেন, নিছক মজা করতেই ট্রেনে পাথর ছুড়েছিলেন তাঁরা। তবে তার জেরে জানলার কাচ ভেঙে যাবে বুঝতে পারেননি। উল্লেখ্য, ধৃতদের ছোড়া পাথরে সি-৬ কামরার ৪০, ৪১, ৪২ এবং ৬০, ৬১ ও ৬২ নম্বর আসনের কাছে কাচ ভেঙে যায়। পাশাপাশি প্যান্ট্রির একটি কাচের প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেসের তিনটি জানলার কাচ ভেঙে যাওয়ায় ঠিক কত টাকার ক্ষতি হয়েছে, রেল কর্তৃপক্ষ সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই রেলওয়ে আইনের ১৫৩ ধারায় (যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা) মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে RPF।
