ফেনীতে জামায়াতের রুকনদের প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে; জনগণের প্রত্যাশা পূরণে যোগ্যতা অর্জনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার প্রস্তুতি রাখতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, মানুষ ধোঁকা খেতে খেতে, শোষণ-বঞ্চনা ও নির্যাতনের শিকার হতে হতে দিশেহারা হয়ে পড়েছে। তাই সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে, মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে। মানুষের এই আকাঙ্ক্ষা পূরণে যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকনদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
কর্মশালায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির পরিবেশবিজ্ঞানী নজরুল ইসলাম, ফেনী জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খোন্দকার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, লন্ডনপ্রবাসী নেতা অধ্যাপক মফিজুর রহমান (ভার্চুয়ালি) এবং জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা দারসুল কোরআন পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাছুম বলেন, ইব্রাহিম (আ.) যেভাবে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছিলেন, সেভাবে তাঁদেরও পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। নেতৃত্বের গুরুদায়িত্ব তাঁদের ওপর অর্পিত হলে সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
তিনি বলেন, এ জন্য মজবুত ইমানের অধিকারী হতে হবে এবং নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। দ্বীনের কাজের ক্ষতি করে দুনিয়ার কাজে মশগুল থাকা চলবে না। মুমিন তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তিনি কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না কিংবা ভেঙে পড়বেন না।
১৯৭১ সাল নিয়ে জামায়াতের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়, সেগুলো মিথ্যা ও বানোয়াট বলেও মন্তব্য করেন এটিএম মাছুম।
প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে হবে।
