বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, “সরকারের কাজের মূল্যায়ন করার আগেই বিরোধীদল সমালোচনা শুরু করেছে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখা উচিত। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘দেশ গঠনে সরকার ও বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল এ সভার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন কাজী মনিরুজ্জামান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নিয়ে সংগঠন পরিচালনা করা গেলে নেতাকর্মীদের মধ্যে কাজের উৎসাহ বাড়বে।”
সরকারি ব্যয় কমানোর নিয়ে সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন,“বিগত সরকার গণভবনে খাবারের পেছনে বছরে ৩৫ কোটি টাকা ব্যয় করতো। এখন প্রধানমন্ত্রীর দৈনিক খাবারের ব্যয় ১০০ টাকার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরকারি ব্যয় অনেকটাই কমছে।”
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬৫ লাখ মামলা করা হয়েছিল বলে দাবি করেন কাজী মনিরুজ্জামান। তিনি বলেন,“বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অপরাধের অভিযোগ উঠলে ছাড় দেওয়া হচ্ছে না।”
তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী হাসান মল্লিকের সভাপতিত্ব করেন। সংগঠনের নেতা মো. আকরাম হোসেন মিনহাল, এইচ এম ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
