সিরাজগঞ্জের তাড়াশে একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় ১২ ফুট লম্বা দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক শামছুল ইসলাম পালিয়ে যান।
শুক্রবার উপজেলার তালম পদ্মপাড়া গ্রামের শামছুল ইসলামের বাড়ি থেকে গাছ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শামছুল ইসলাম তাঁর বসতবাড়ির শৌচাগারের পেছনে গাঁজার গাছ চাষ করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাছ দুটি উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, গাছ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামছুল ইসলাম পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
