স্টাফ রিপোর্টার॥ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি নতুন ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সকালে যশোর সদর উপজেলার আরবপুরে শারদীয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি মানুষকে জাত-পাত বা ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে বিচার করতে শেখায়। তিনি উল্লেখ করেন, মসজিদের পাশাপাশি মন্দিরের উন্নয়ন এবং কবরস্থানের মতো শ্মশানঘাটের সংস্কার করাও বর্তমান সরকারের দায়িত্ব।
যশোরের উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বক্ষব্যাধি হাসপাতালের (করোনারি কেয়ার ইউনিট) উন্নয়ন কাজ শিগগিরই শেষ হবে, যাতে স্থানীয়রা এখানেই মানসম্মত চিকিৎসা পান। এছাড়া স্টেডিয়ামের উন্নয়ন ও দীর্ঘদিন পরিত্যক্ত সুইমিং পুলটি সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে দূরে রাখতে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং যশোরকে সুন্দরভাবে সাজাতে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এরপরে প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post যশোরের পূজা মণ্ডপগুলোতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সম্প্রীতির বার্তা appeared first on লোকসমাজ.
