বরিশাল-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৃহস্পতিবারের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত আগের মতো এ রুটে ফ্লাইট বহাল থাকবে বলে আশ্বাস দিলেও গত মঙ্গলবার বিকাল পর্যন্ত বিমান কর্তৃপক্ষ বৃহস্পতিবারের ফ্লাইট পুনর্বহালের কোনো নির্দেশনা জারি করেনি।
জানা গেছে, গত সপ্তাহে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন বিমানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া বরিশাল-২ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিমানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। উভয়ের কাছেই বিমানমন্ত্রী বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট হ্রাস করা হবে না বলে আশ্বাস দেন।
তবে গতকাল বিকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের পূর্বের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করেনি। ফলে ২২ অক্টোবরের পর থেকে বরিশাল রুটে বৃহস্পতিবারের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রেখেছে কর্তৃপক্ষ। এ কারণে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবারের জন্য বিমানের বরিশাল সেলস অফিস কিংবা অনলাইন পোর্টালের কোথাও কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। গত সোমবার জহির উদ্দিন স্বপন বিমানের সিইও কাইজার সোহেল আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তখন সিইও ফ্লাইট হ্রাসের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই অবস্থায় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ শীতকালীন সময়সূচিতে বরিশাল রুটে ফ্লাইট কমানোর উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরিষদ অবিলম্বে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালু করাসহ যশোর-বরিশাল-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-বরিশাল-যশোর রুটে সপ্তাহে অন্তত দুদিন ফ্লাইট চালুর দাবি জানিয়েছে। গতকাল পরিষদের নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।
