গেল বেশ কিছুদিন ধরে ভারতের শোবিজ অঙ্গনের বাতাসে গুঞ্জন ভাসছিল বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন টলিউড সুপারস্টার দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনে সিলমোহর দিল ছবির প্রযোজনা সংস্থা। সাইন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ছবি ‘শামুক’-এ অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে।
তবে রুক্মিণীকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে যুক্তরাজ্য ছবির শুটিং শুরু হয়েছে। সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করছেন কণিষ্ক ভার্মা। প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ।
এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অক্ষয় ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। ‘নমস্তে লন্ডন’, ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ এবং ‘অ্যাকশন রিপ্লে’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয়-বিপুল জুটি। জানা গেছে, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শামুক’।
এদিকে, দেব প্রযোজিত ও অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-এর শুটিং শেষ করেছেন রুক্মিণী। ছবিটিতে দেবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। যদিও চলতি বছরের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তির কথা ছিল। তবে সিনেমার কাজ শেষ না হওয়ায় তা আটকে যায়।
