প্রকাশিত: ১৩:১৪, ১৭ অক্টোবর ২০২৬ আপডেট: ১৩:৫৬, ১৭ অক্টোবর ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আনিসা খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী সপ্তাহে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নারী জাতীয় কবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন তিনি।
আনিসা খানের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।
যুক্তরাজ্যের প্রখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা নেওয়া আনিসা পেশায় একজন কনসালট্যান্ট ও সফল ফুড উদ্যোক্তা। তিনি জনপ্রিয় ফুড ব্রান্ড ‘বোম্বে পিৎজা’-এর প্রতিষ্ঠাতা। এছাড়া বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হিসেবেও পুরো যুক্তরাজ্যে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।
খেলাধুলার প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন থেকেই কাবাডি খেলা শুরু করেন আনিসা। নানা ব্যস্ততা ও ব্যবসায়িক সফলতার মাঝেও নিজের প্যাশন বা ভালোলাগা টিকিয়ে রেখে আজ জাতীয় দলের নেতৃত্ব অর্জনের মাধ্যমে তিনি প্রবাসী বাঙালিদের মুখ উজ্জ্বল করলেন।
আকুয়া গ্রামের আনিসার স্বজন নজরুল ইসলাম খান তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা এই খবর শুনে অত্যন্ত আনন্দিত। আমাদের দেশের গৌরব আনিসা। বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে সে ইংল্যান্ডের মাটিতে দেশের সুনাম তুলে ধরেছে।”
তার এই আন্তর্জাতিক গৌরব অর্জনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিসহ মৌলভীবাজারের স্থানীয় মানুষের মধ্যেও বইছে আনন্দের জোয়ার।
