রাজধানীর দক্ষিণ বনশ্রীর এক বাসা থেকে মোহাম্মদ শাহবাজ নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শাহবাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত শাহবাজের বয়স ২৬ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বাবার নাম নাজির আহমেদ। তার স্থায়ী ঠিকানা পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। পুলিশ বলছে, বিদেশে লোক পাঠানোর কথা বলে বাংলাদেশি বেশ কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন শাহবাজ। কিন্তু তাদের বিদেশে পাঠাতে পারেননি তিনি। পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছিলেন। কয়েক মাস আগে শাহবাজের স্ত্রীও তাকে ছেড়ে পাকিস্তানে চলে যান। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ বলেন, বাসার দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। শাহবাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশে থাকা পাকিস্তানি দূতাবাসকে বিষয়টি অবগত করা হয়েছে। পাকিস্তান থেকে স্বজরা এলে অথবা দূতাবাস থেকে কোনো কর্মকর্তা যদি আসেন, তখন ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আত্মহত্যা করেছে নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে পুলিশ। পাশাপাশি বিষয়টি তদন্তও করা হচ্ছে। যদি আত্মহত্যা করে থাকে, তাহলে আরও কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।