উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও অপরাজিতা পূজা শেষে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শুরু হয় সনাতন ধর্মাবলম্বী নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। এতে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন নারীরা।
সকাল ৯টার মধ্যেই দশমী বিহিত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর পূজামণ্ডপে দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করেন বিবাহিত নারীরা। দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁরা পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে একে অপরের সিঁথি, গাল ও মুখে সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সনাতন ধর্মাবলম্বী নারীদের বিশ্বাস, দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণের মধ্য দিয়ে স্বামী-সংসারের মঙ্গল ও পারিবারিক কল্যাণ কামনা করা হয়। সিঁদুর খেলাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। ঢাকের বাদ্য, ভক্তিমূলক গান ও উৎসবের আমেজে নারী ও শিশুরা মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। কোথাও কোথাও চলে নাচ-গান ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়।
পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিকেল থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বের করা হবে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের জয় কালী দীঘিতে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গোৎসবের।
বিজয়া দশমীতে পূজামণ্ডপগুলোতে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি ভক্তদের মধ্যে বিরাজ করছে বিদায়ের বিষাদ। তবে এক বছর পর নতুন শরতে দেবী দুর্গা আবারও ফিরে আসবেন—এমন প্রত্যাশায় শেষ হচ্ছে এবারের দুর্গোৎসব।
The post নাটোরে সিঁদুর খেলা ও নানা আয়োজনে বিজয়া দশমী উদ্যাপন appeared first on ভোরের চেতনা.
