প্রকাশিত: ১৯:০৮, ২৪ অক্টোবর ২০২৬ আপডেট: ১৯:০৮, ২৪ অক্টোবর ২০২৬
জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি
জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি মারা গেছেন। যৌনতা, সহিংসতা ও তরুণ প্রজন্মের সংস্কৃতির নানা দিক সাহসিকতার সঙ্গে তুলে ধরার জন্য পরিচিত ছিলেন এই লেখক। তার সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) তার প্রকাশক সংস্থা তার মৃত্যুর খবরটি জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিবৃতিতে প্রকাশক সংস্থা জানায়, রিউ মুরাকামির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার সাহিত্যজীবনে তিনি একের পর এক ব্যতিক্রমী ও সাহসী রচনা উপহার দিয়েছেন, যার মূল পাঠক ছিলেন তরুণেরা।
মুরাকামির অন্যতম পরিচিত উপন্যাস ‘প্রায় স্বচ্ছ নীল’। এটি তার প্রথম উপন্যাস। মাদক ও যৌনতায় নিমজ্জিত তরুণ প্রজন্মের জীবন ও অবক্ষয় নিয়ে লেখা এ উপন্যাসের জন্য ১৯৭৬ সালে তিনি জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার আকুতাগাওয়া পুরস্কার লাভ করেন।
১৯৮০ সালে প্রকাশিত তার উপন্যাস ‘মুদ্রা রাখার লকারের শিশুরা’তে উঠে এসেছে মালপত্র রাখার লকারে পরিত্যক্ত দুই শিশুর বেড়ে ওঠা এবং বেঁচে থাকার সংগ্রামের কাহিনি।
এ ছাড়া ১৯৯৭ সালে প্রকাশিত ‘মিসো স্যুপে’ উপন্যাসে টোকিওর যৌনপল্লিতে এক বিদেশি পর্যটকের প্রবেশ এবং সেখানে তার অভিজ্ঞতার চিত্র তুলে ধরেছেন লেখক।
বিবৃতিতে আরো জানানো হয়, রিউ মুরাকামি তার সময়ের একজন পথপ্রদর্শক হিসেবে জীবন কাটিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছে প্রকাশক সংস্থাটি।
