জন্মদিনের ঠিক আগেই বাবার পিস্তলে প্রাণ গেল সন্তানের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাবার বৈধ পিস্তল নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার বার্টো শহরে একটি বার্গার কিং....
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাবার বৈধ পিস্তল নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার বার্টো শহরে একটি বার্গার কিং রেস্তোরাঁর সামনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। আর মাত্র কয়েক দিন পরই শিশুটির চতুর্থ জন্মদিন উদযাপনের কথা ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর ও পোল্ক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে গাড়ির পেছনের আসনে বসিয়ে রাতের খাবার কিনতে ইস্ট ভ্যান ফ্লিট ড্রাইভের একটি বার্গার কিংয়ের ড্রাইভ-থ্রুতে গিয়েছিলেন তার বাবা। কিন্তু খাবারের বিল পরিশোধের সময় তার ক্রেডিট কার্ডটি কাজ না করায় তিনি গাড়িটি একপাশে পার্ক করেন। এ সময় কোমরে রাখা গ্লক পিস্তলটি নিয়ে সামনের দিকে ঝুঁকতে তার অস্বস্তি হচ্ছিল। তাই তিনি পিস্তলটি কোমর থেকে বের করে গাড়ির ভেতরে নিজের সিটের ওপর রাখেন।
তদন্তকারী কর্মকর্তারা জানান, বাবার অলক্ষ্যে গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি পিস্তলটি দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয়। একপর্যায়ে খেলতে খেলতে হঠাৎ পিস্তলের ট্রিগারে চাপ লেগে যায় এবং গুলি বেরিয়ে সরাসরি শিশুটির মুখে বিদ্ধ হয়। গুলির বিকট শব্দের পরপরই আতঙ্কিত বাবা গাড়ি থেকে নেমে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন, যা রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এ সময় পাশের একটি গাড়িতে থাকা এক নারী দ্রুত এগিয়ে এসে জরুরি সেবার নম্বর ৯১১-এ কল করেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় লেকল্যান্ড রিজিওনাল হেলথ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড জানান, পুলিশি তদন্তে গাড়ির ছাদে বুলেটের একটি ছিদ্র পাওয়া গেছে। ঘটনার সময় শিশুটির বাবার সঙ্গে আগ্নেয়াস্ত্র বহনের বৈধ অনুমতিপত্র ছিল। শিশুটির মা-বাবা উভয়েরই অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই এবং তারা চলমান তদন্তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছেন। নিছক একটি ভুলের কারণে মুহূর্তের মধ্যে একটি পরিবারের আনন্দ কীভাবে বিষাদে রূপ নিতে পারে, এই মর্মান্তিক ঘটনা তার একটি করুণ দৃষ্টান্ত।
বাংলাদেশ জার্নাল/ওএফ
