ভারতের রুপির মান ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গত সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন নীতিগত পদক্ষেপে রুপির মান পুনরুদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) লেনদেনের একপর্যায়ে ডলারের বিপরীতে রুপির মান বেড়ে ৯৪ দশমিক ৪৯২৫-এ পৌঁছায়। পরে সামান্য কমে প্রতি ডলারের বিপরীতে ৯৪ দশমিক ৫৬ রুপিতে লেনদেন হয়। আগের দিনের তুলনায় রুপির মান বেড়েছে ০.৪ শতাংশ।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুর দিকে রুপির মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এরপর থেকে মুদ্রাটির মান ২ শতাংশের বেশি বেড়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নেওয়া বিভিন্ন পদক্ষেপ এই পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংক তেল আমদানিসংশ্লিষ্ট ডলারের চাহিদার একটি অংশ সরাসরি মুদ্রাবাজার থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি আমদানিকারকদের বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ঝুঁকি মোকাবিলার কিছু আগাম চুক্তির খরচ বাড়ানো হয়েছে। এসব পদক্ষেপের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের বাজারে হস্তক্ষেপ এবং বিদেশি বিনিয়োগের অর্থপ্রবাহ রুপির মান বৃদ্ধিতে সহায়তা করেছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের এক মুদ্রা লেনদেনকারী বলেন, বিদেশি ব্যাংকগুলো ডলার বিক্রি করছে। এতে ডলারের বিপরীতে রুপির মান আরও বাড়তে পারে। তার মতে, প্রতি ডলারের বিপরীতে ৯৪ দশমিক ৩০ রুপির কাছাকাছি পর্যায়টি পরবর্তী গুরুত্বপূর্ণ অবস্থান হতে পারে।
তবে সাম্প্রতিক সময়ে রুপির মান বাড়লেও ভারতের অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে রয়েছে জ্বালানি তেলের উচ্চমূল্য। ভারত জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশটির আমদানি ব্যয় বৃদ্ধি পায় এবং রুপির ওপর চাপ তৈরি হয়।
এই পরিস্থিতিতে এইচএসবিসি ব্যাংকের বিশ্লেষকেরা মনে করছেন, ডলারের বিপরীতে রুপির মান আবারও ধীরে ধীরে কমতে পারে। তাদের মতে, ভারতের চলতি হিসাবে ঘাটতি, অন্যান্য দেশের তুলনায় বেশি মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের বড় অঙ্কের আগাম বিক্রয়চুক্তি রুপির ওপর চাপ বাড়াতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূরনিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরান পাকিস্তানের সেনাপ্রধানকে জানিয়েছে, নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।
সূত্র: রয়টার্স
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
