শ্রেণিকক্ষে বিজ্ঞানের পাঠ, প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের অংশগ্রহণ আর ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
প্রায় ৪০ মিনিট ধরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন তিনি। এ সময় মনোযোগ দিয়ে তার ক্লাসে অংশ নেয় শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
পাঠদানের সময় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করেন ইউএনও। সহজ উপমা ও উদাহরণের মাধ্যমে অজানা বিষয়গুলো বুঝিয়ে দেন। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, ভালো ফলাফল অর্জন এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ বলেন, ইউএনও বারবার প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের সহজভাবে বিষয়গুলো বুঝিয়েছেন। বিভিন্ন উপমা ও উদাহরণে তার পাঠদান শিক্ষার্থীদের আনন্দিত ও মুগ্ধ করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ধরনের ক্লাস শিক্ষার্থীদের বিজ্ঞান শেখার প্রতি আগ্রহ বাড়াবে। একই সঙ্গে তাদের মধ্যে বিজ্ঞানমনস্ক চিন্তা ও অনুসন্ধিৎসু মন গড়ে তুলতে ভূমিকা রাখবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘পড়ানো আমার ভীষণ পছন্দের। শিক্ষার্থীদের বিজ্ঞানের বুনিয়াদি জ্ঞানে বেশ ঘাটতি রয়েছে। নানা ব্যস্ততার মধ্যেও সময় বের করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করতে চাই। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।’
এসময় ক্লাসে মনোযোগী থাকা ও প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার ভিত্তিতে পাঁচজন শিক্ষার্থীকে বাছাই করেন ইউএনও। পরে তাদের পুরস্কৃত করার কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এ ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে মুঠোফোন ব্যবহার না করা, অন্তত ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করা এবং মোটরসাইকেল ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন ইউএনও। ভালো চরিত্র গঠন এবং মা-বাবাসহ গুরুজনদের উপদেশ মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এসজেডএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
