দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেবাদিদেব মহাদেব শিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও বিকৃত ছবি পোস্টের অভিযোগ। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল নদিয়ার মুরুটিয়া থানার পুলিশ। ধৃত ওই নেতার নাম মোকশেদ কারিগর। তিনি মুরুটিয়া থানার কাগড়িপাড়া গ্রামের বাসিন্দা। এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই তৃণমূল নেতা তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিব ঠাকুরকে নিয়ে একটি অত্যন্ত আপত্তিজনক ও বিকৃত ছবি শেয়ার করেছিলেন। তা নিয়ে চর্চা শুরু হয়। প্রবল আবত্তি জানান হিন্দুত্ববাদীরা। এক পর্যায়ে চর্চা ক্ষোভে পরিণত হয়। গত রবিবার স্থানীয় ‘হিন্দু সুরক্ষা সমিতি’র কর্মীরা মুরুটিয়া থানায় হাজির হয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে পুলিশ। মুরুটিয়া থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা মোকশেদ কারিগরকে গ্রেপ্তার করেছে।
সোমবার ধৃতকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মোকশেদ কারিগর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ভেবে চিন্তে অপমান করার জন্য কিছু করেননি। আর পাঁচটা ছবি পোস্ট করার মতোই এদিন ছবি পোস্ট করেছেন।
