চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সুপারিশ দিতে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে সোমবার (১৯ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়।
এর আগে রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে চিঠি দিয়ে কমিটি গঠনের আহ্বান জানায়।
পরামর্শক কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইউসুপ ইলাহী চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দিতে ইউজিসির একজন সহকারী পরিচালককে রাখা হয়েছে।
কমিটি চুয়েটের অচলাবস্থা নিরসন ও শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন ইউজিসির কাছে জমা দেবে।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর তাঁকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু হয়। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন। ফলে প্রায় এক মাস ধরে বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
