নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে রিয়াদ বিমানবন্দর। এর ফলে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদের সব ফ্লাইট স্থগিত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত স্বার্থে বিশেষ সুবিধা নিয়ে এসেছে বিমান সংস্থাটি।
ইউএস-বাংলা জানিয়েছে, নিয়মিত সূচির পাশাপাশি আগামী ২৪ অক্টোবর ঢাকা থেকে জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। যেসব যাত্রী রিয়াদের টিকেট কেটেছিলেন, তারা কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই টিকেট পরিবর্তন করে এই ফ্লাইটে জেদ্দা যেতে পারবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে২১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটের মোট ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে।
উল্লেখ্য, হুথি বিদ্রোহীদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলা চলায় গত ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সও ২৮ অক্টোবর পর্যন্ত তাদের রিয়াদ ফ্লাইট বাতিল ঘোষণা করে।
এআর/এমএসএ
