ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে গ্রেফতার দেখিয়েছে দিল্লি পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির পক্ষ থেকে তাদের গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌরভ সিজেপির প্রধান মুখপাত্র। আশুতোষ দলের জাতীয় মুখপাত্র। অজিঙ্ক এখন সিজেপির চলমান আন্দোলনের নেতৃত্বে রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অজিঙ্ক শিন্ডেসহ সিজেপির নেতাদের ‘প্রতিরোধমূলক গ্রেফতারের’ আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
সিজেপি নেতাদের গ্রেফতার দেখানোর বিষয়টি বুধবার দিনের শুরুতে জানান দলের আইনবিষয়ক প্রধান রত্না সিং। রত্না বলেন, আজ বুধবার সকালেই সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে মন্দির মার্গ থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) সামনে হাজির করা হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং লেখেন, সৌরভ, আশুতোষ ও অজিঙ্ককে অনধিকার প্রবেশের মামলায় গ্রেফতার দেখিয়েছে দিল্লি পুলিশ। তাদের বিরুদ্ধে ‘অনধিকার প্রবেশ, বন্ডের শর্ত লঙ্ঘন ও সরকারি কাজে বাধা দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে।
রত্না আরও জানান, আদালতে হাজির করার পর এই তিন নেতাকে দিল্লির তিহার কারাগারে নেওয়া হতে পারে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তাদের কারও সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি।
মধ্যরাতে সিজেপির তিন নেতাকে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় আনে পুলিশ। সেখানে তোলা একটি ছবি পোস্ট করে রত্না জানান, এত সব বেআইনি কার্যকলাপের পরও তিনজনের মনোবল অটুট।
এর আগে, মঙ্গলবার দিল্লির যন্তর মন্তর থেকে আটক হন সৌরভ, আশুতোষ ও অজিঙ্ক। তালাবদ্ধ ফটক টপকে অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশ করার পর তাদের আটক করা হয়।
যন্তর মন্তরের ঘটনার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন আশুতোষ। ভিডিওতে দেখা যায়, তিনি, সৌরভ আর অজিঙ্ক যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে ঢুকছেন। সেখানে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন তারা। পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন এবং আটক করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানায়, অনুমতি ছাড়া যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগে গতকাল সন্ধ্যায় দিল্লি পুলিশ সৌরভ, আশুতোষ ও অজিঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
