কালবেলা · আন্তর্জাতিক
জাকার্তায় শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক, বিপুল পুলিশ মোতায়েন
২০/১০/২০২৬

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ মোকাবিলায় রাজধানী জাকার্তায় প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিকল্পনার মধ্যে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক জনমত জরিপে প্রাবোওর জনপ্রিয়তা কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তার সরকারের দুই বছর পূর্তিতে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।
জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো মঙ্গলবার সাংবাদিকদের জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন। এসব কর্মসূচি ঘিরে প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থী সংগঠন জানিয়েছে, সাম্প্রতিক বনাঞ্চলের অগ্নিকাণ্ড এবং শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রতিবাদে তারা কর্মসূচি পালন করবে। সংগঠনটির মতে, শেয়ারবাজারের পতনের পাশাপাশি ইন্দোনেশীয় মুদ্রা রুপিয়াহর দুর্বল হয়ে পড়া দেশের অর্থনীতির ভঙ্গুরতার ইঙ্গিত দিচ্ছে।
তবে বিক্ষোভে কতসংখ্যক শিক্ষার্থী অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, জলবায়ু সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে আনতে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যানার টাঙিয়েছে। ব্যানারটিতে লেখা ছিল, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।’
২০২৪ সালের ২০ অক্টোবর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রাবোও সুবিয়ান্তো। তার সরকারের দুই বছর পূর্তিতে অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ বিক্ষোভের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗