বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাতজন পরিদর্শককে (নিরস্ত্র) বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. জামিরুল ইসলামকে আদমদীঘি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক (নিরস্ত্র) একরামুল হোসাইনকে (পিপিএম) শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে অন্য এক আদেশে ওআর হেডকোয়ার্টার্সের পাঁচজন পরিদর্শককে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুরশীদা বানুকে পুলিশ কন্ট্রোল রুম, আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস্ শাখা, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি, শিবগঞ্জ সার্কেল অফিসের কামরুজ্জামানকে আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়ি এবং নূর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
