কালবেলা · বিনোদন
পুরুষকেন্দ্রিক ছবিতে কেন কাজ করেন রাধিকা আপ্তে?
২৪/১০/২০২৬

বলিউডে নারীপ্রধান ছবির বক্স অফিস সাফল্য নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, প্রেক্ষাগৃহে ভালো উদ্বোধনী আয় নিশ্চিত করার ক্ষেত্রে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো শীর্ষ অভিনেত্রীদের ওপরই মূলত ভরসা করা যায়। ফলে বাণিজ্যিক সাফল্যের কথা বিবেচনা করে অনেক অভিনেত্রীকেই পুরুষকেন্দ্রিক ছবিতে কাজ করতে হয়।
সম্প্রতি নিজের আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা।
রাধিকার সাম্প্রতিক কয়েকটি ছবি ‘লাস্ট স্টোরিজ ৩’, ‘সালি মহব্বত’, ‘মিসেস আন্ডারকভার’ ও ‘মনিকা, ও মাই ডার্লিং’ সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, কোনো ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সময় সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি ওটিটিতে, তা নিয়ে তিনি বিশেষ ভাবেন না।
তিনি জানান, ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি ওটিটিতে, তা দেখে তিনি কাজ বেছে নেন না। মুক্তির মাধ্যম নির্ধারণের পেছনে অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত থাকে। তিনি বরং চান, ছবিটি যে কোনোভাবে দর্শকের কাছে পৌঁছাক।
নারীপ্রধান ছবির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রাধিকা বলেন, গত কয়েক বছরে প্রেক্ষাগৃহে কোন ছবি সফল হবে আর কোনটি হবে না, তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে। তার মতে, ছবির মান ভালো হলেও নারীপ্রধান ছবি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া নাও পেতে পারে।
তিনি আরও বলেন, তিনি যদি কোনো ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন, তবে ছবিটি সেরা হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে। আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো অবস্থানে তিনি নেই, যাদের ছবি মুক্তির সময় অন্তত ভালো উদ্বোধনী আয়ের আশা করা যায়। এই কারণেই তাকে এমন ছবিতে কাজ করতে হয়, যেখানে পুরুষ চরিত্রগুলোই মূল ভূমিকায় থাকে।
রাধিকার বক্তব্যে বলিউডের নারীপ্রধান ছবির বাজার ও তারকাদের বক্স অফিস প্রভাবের বিষয়টি উঠে এলেও আলিয়া ও দীপিকার সাম্প্রতিক সাফল্যের চিত্র কিছুটা ভিন্ন। ২০২২ সালে মুক্তি পাওয়া আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ হিন্দি সিনেমার অন্যতম সফল নারীপ্রধান ছবি। তবে এরপর তার এককভাবে প্রধান চরিত্রে অভিনীত ‘জিগরা’ ও 'আলফা' বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
অন্যদিকে, দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ছপাক’ ছবিতে এককভাবে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি বড় বাজেটের একাধিক ছবিতে অভিনয় করেছেন, যেখানে অন্য অভিনেতারাও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আলিয়া অভিনয় করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘আরআরআর’-এর মতো সফল ছবিতে। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি, যা বক্স অফিসে সাফল্য পায়।
অন্যদিকে, ২০২৩ সালে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেন দীপিকা। এরপর প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে তাকে দেখা যায় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। এই তিনটি ছবিই বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির বেশি আয় করে।
এদিকে রাধিকা আপ্তে অভিনীত নতুন সিরিজ ‘আক্কা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত এই গ্যাংস্টার ড্রামায় তার সঙ্গে প্রধান চরিত্রে রয়েছেন কীর্তি সুরেশ। আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে সিরিজটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মূল প্রতিবেদনে যান ↗