Published on
:
1 min read
এই সময়: বালোচিস্তানের মাসটাঙে ২০ জন পুলিশ ট্রেনিকে অপহরণ করল সশস্ত্র আততায়ীরা। ঘটনাটি ঘটেছে গরজিন এলাকায়। পুলিশ ট্রেনিরা কালাট প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। সেই সময়েই তাদের ভ্যান থামিয়ে ভিতর থেকে বার করে তাদের তুলে নিয়ে যায় বালোচ জঙ্গিরা। এই ঘটনায় স্থানীয় পাক প্রশাসন ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আশপাশের শহরগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আলাদা একটি ঘটনায় বালোচ বিচ্ছিন্নতাবাদীরা টুরবাট এলাকায় মালবাহী কয়েকটি ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে। এই এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে নিরীহ সাধারণ বালোচদের তুলে নিয়ে গিয়ে হেপাজতে মেরে ফেলা বা গায়েব করে দেওয়ার অভিযোগ আছে বেশ কিছুদিন ধরে।
সম্প্রতি বালোচ মানবাধিকার সংগঠন পাক সেনা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিরপরাধ সাধারণ মানুষদের তুলে নিয়ে গায়েব করে দেওয়া ও হেপাজতে মেরে ফেলার বেশ কিছু ঘটনা সামনে এনে অভিযোগ করেছে। বৃহস্পতিবারই পাসনি এাকায় এক স্কুলশিক্ষকের দেহ রাস্তায় পাওয়া যায়।
অভিযোগ, একদিন আগে পারভেজ নামে ওই শিক্ষককে তাঁর পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাক নিরাপত্তাবাহিনী। পারভেজ স্থানীয় সরকারি হাইস্কুলে আরবি ভাষা পড়াতেন। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে পাক বাহিনী কিছুই জানায়নি পরিবারকে। পরের দিন শিক্ষকের মৃতদেহ পাওয়া যায়। এই নিয়ে স্থানীয় প্রশাসন সরকারি ভাবে কোনও মন্তব্য এখনও করেনি। আগস্টেও বালোচ ইয়াকজেঠি কমিটি অভিযোগ করেছিল, পাংজুর এলাকায় এক শিক্ষককে অপহরণ করে সরকারি মদতপুষ্ট সশস্ত্র বাহিনী ও পরে তাঁকে হত্যা করা হয়।
জানুয়ারিতে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়। এই ধরনের আরও ঘটনা পরপর ঘটেছে। জানুয়ারি থেকে জুনের মধ্যে ৫০৭ জনকে হেপাজতে নিয়ে গায়েব করে দেওয়ার অভিযোগ তুলেছে বালোচ সংগঠনগুলি। তার মধ্যে ১৫৭ জন ছাত্র, শিক্ষক ও গবেষক ছিলেন। যেখানে পুলিশ অপহরণের ঘটনাটি ঘটেছে, সেই মাসটাং এই ধরনের অভিযোগের কেন্দ্রে ছিল অনেকদিন ধরেই।
