মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পথেরহাট গ্রামে নরোত্তম বিশ্বাস (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে নরোত্তম আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহত নরোত্তম বিশ্বাস পথেরহাট গ্রামের নিত্য গোপাল বিশ্বাসের ছেলে। তিনি বনবিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নরোত্তম। এরপর আর ঘরে ফেরেননি। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে স্ত্রীকে নিয়ে নরোত্তমের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ দেখা দেয়। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। দুর্গাপূজার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। পরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে তিনি আবারও স্বামীর বাড়ি পথেরহাটে ফিরে আসেন। পারিবারিক বিরোধের জেরে নরোত্তম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তাছিন জামান/এমটিআই
