সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। কেন বিয়ে করেননি, আদৌ করবেন কি না---জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। এবার তাতে ঘি ঢাললেন ভাইজান নিজেই। জানালেন বিয়ে না করলেও বাবা হতে চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউড প্রযোজক পরিচালক করণ জোহরের শো কফি উইথ করণে অতিথি হয়ে আসছেন সালমান। সেখানেই সন্তানের অভাববোধ এবং বাবা হওয়ার ইচ্ছা পোষণ করতে দেখা যাবে পর্দার টাইগারকে। পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও নাকি কথা বলেছেন অভিনেতা।
এরইমধ্যে কফি উইথ করণের ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে করণকে হালকা শাসাতেও দেখা গেছে সালমানকে। করণকে প্রশ্ন করেছিলেন, 'আপনি কি এখনও কুমার?' জবাবে মজার ছলে হালকা শাসানি দেন সালমান। বলেন, 'সংযত হও ভাই, সংযত হও'। তবে করণের প্রশ্নটি মোটেই অযৌক্তিক না। আগের এক সিজনে সালমান জানিয়েছিলেন তিনি এখনও কুমারত্ব হারাননি। সেই সুতো ধরেই টান দিয়েছিলেন করণ।
ঝলক দেখেই বোঝা গেছে, হাসিঠাট্টায় জমে উঠবে সালমান-করণের আড্ডা। দুজনের কথোপকথনের এক ফাঁকে সালমানকে বলতে শোনা যায়, "কফি উইথ করণ’-এর পরে হবে ‘কফি উইথ সালমান’।" তাঁর কথা শুনে হেসে ওঠেন করণ।
সালমানের আচরণের পরিবর্তন নিয়েও কথা বলেছেন করণ। জানান, আগের তুলনায় ভাইজান এখন অনেক শান্ত। উত্তরে অভিনেতা বলেন, “এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।” আজ ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে কফি উইথ করণের নবম মৌসুম। প্রথম পর্বেই সালমানকে নিয়ে হাজির হচ্ছেন উপস্থাপক।
