নিজস্ব প্রতিবেদক
বক্স থেকে তোলা হচ্ছে একের পর এক স্লিপ, আর মাইক্রোফোনে ধ্বনিত হচ্ছে বাংলা, ইংরেজি ও আরবি শব্দ। শিক্ষকের উচ্চারণের পরপরই শুরু হচ্ছে নির্দিষ্ট সময়ের কাউন্টডাউন। সেই নির্ধারিত সময়ের মধ্যেই অক্ষর ও বর্ণ সাজিয়ে শব্দ তৈরির বর্ণাঢ্য ‘বানান যুদ্ধে’ মেতে উঠেছিল একঝাঁক কচিকাঁচা শিশু।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে যশোর শহরের লালদিঘিপাড়স্থ শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্রাদার টিটোস হোম’-এর আঙিনায় এই ব্যতিক্রমী বানান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম রাউন্ডে প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা নাজিফা ও রিসলিয়া রাবাবের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। বাংলা, ইংরেজি ও আরবি—তিন ভাষাতেই পারদর্শী এই দুই শিক্ষার্থীর মধ্যে আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে শব্দ গঠনের লড়াই। শিশুদের এমন আত্মবিশ্বাসী ও নির্ভুল শব্দ উচ্চারণে মুগ্ধ হন উপস্থিত অভিভাবক ও অতিথিরা। প্রথম রাউন্ডে সমাপনী শেষে প্রথম শ্রেণির রিসলিয়া রাবাব প্রথম, আয়েশা নাফিজা দ্বিতীয় এবং সাদ ইবনে রহমান তৃতীয় স্থান অধিকার করে।
পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে অংশ নেয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা। এতে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে প্রথম স্থান অর্জন করে জুওয়াইরিয়া। এ ছাড়া আফ্রিদা দ্বিতীয় ও মারইয়াম রহমান তৃতীয় স্থান অর্জন করে।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণেও একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অভিভাবক ক্যাটাগরিতে প্রথম হন সাদিয়া আফরিন, দ্বিতীয় হন আয়শা সিদ্দিকা ঐশী এবং তৃতীয় স্থান অর্জন করেন শেখ মাসুদ পারভেজ।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী ও রানারআপদের হাতে ক্রেস্ট, উপহারের বই ও সম্মাননা উত্তরীয় তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব। পুরো আয়োজনটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আজম টিটো।
