কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে; শুক্রবার বিকেলে কুটি চন্দখানা এলাকায় গঙ্গারহাট-ফুলবাড়ীগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকার আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কাজে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
