মুন্সীগঞ্জ সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনবিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপনবিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন পিপিএম, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা জুম কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সৌরশক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি ঘণ্টায় প্রায় ৮০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণ করা হচ্ছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রায় ৩ হাজার ৭১২ বর্গফুট এলাকায় স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে গত এক মাসে প্রায় ১০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি খাতে সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে সরকারি ভবনগুলোতে রুফটপ সোলার প্যানেল স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় হ্রাস ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ সময় তিনি সরকারের জ্বালানি নীতির আলোকে নিজ নিজ দপ্তরকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের রুফটপ সোলার প্যানেল স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
