সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম মনিরুজ্জামান মিয়া (৪৫)। তিনি বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে হাওরে নৌকায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সফরসঙ্গী আগৈলঝড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, গত ১২ তারিখে আমাদের ৩০ জনের একটা টিম সিলেট- সুনামগঞ্জে ঘুরতে এসেছি। আমাদের সঙ্গে মনিরুজ্জামান মিয়া ছিলেন। আজকে সকালে তিনি অসুস্থতা অনুভব করলে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে আমরা এখন লাশ নিয়ে গৌরনদীর পথে আছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
