বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে করতোয়া একাদশকে ৮ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ; ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আব্দুল হাকিম।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে দিনব্যাপী মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব মোস্তফা মোঘল ও সদস্য ফেরদৌসুর রহমানসহ সাংবাদিক নেতারা।
চার দলের এ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ। ফাইনালে করতোয়া একাদশকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আল-আমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৯ রান সংগ্রহ করে করতোয়া একাদশ। আল-আমিন একাই ৮১ রান করে অপরাজিত থাকেন। যমুনা একাদশের জুয়েল হাসান ও এনাম বাবু দুটি করে উইকেট নেন।
জবাবে ওপেনার আব্দুল হাকিমের মারমুখী ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যমুনা একাদশ। আব্দুল হাকিম ৬৫ রান করেন এবং জুয়েল হাসান ২৩ রান করে অপরাজিত থাকেন।
ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন আব্দুল হাকিম। এ ছাড়া প্রথম ম্যাচে টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচে আব্দুল হাকিম ম্যাচসেরা হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী এবং বিশেষ অতিথি বগুড়া জেলা পরিষদের প্রশাসক ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি।
