কালবেলা · খেলাধুলা
বেতিসকে ৫-২ হারিয়ে রিয়ালের পুরোনো রেকর্ডে ভাগ বসাল বার্সা
১৮/১০/২০২৬

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা বজায় রেখে দুর্দান্ত এক ঐতিহাসিক সূচনা করল বার্সেলোনা। শনিবার (১৭ অক্টোবর) রাতে লা কারতুহা স্টেডিয়ামে লিগের নবম রাউন্ডের ম্যাচে স্বাগতিক রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এর মাধ্যমে চলতি মৌসুমে টানা নবম জয় তুলে নিল দলটি।
পরিসংখ্যান বিষয়ক প্রখ্যাত হ্যান্ডেল ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, বার্সেলোনার এই টানা জয়ের রেকর্ডটি ১৯৬৮-১৯৬৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রথম ৯ ম্যাচের সবকটিতে পূর্ণ পয়েন্ট পাওয়ার কীর্তিকে স্পর্শ করেছে।
বার্সার আক্রমণভাগের এই তাণ্ডব যেন দিন দিন আরও ক্ষুরধার হচ্ছে। প্রথম ৯ ম্যাচে প্রতিপক্ষের জালে ইতোমধ্যে ৩৯ গোল করেছে বার্সেলোনা, যা লা লিগার ইতিহাসে এই পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। এই তালিকায় কেবল এগিয়ে রয়েছে সেভিয়া- ১৯৪০-১৯৪১ মৌসুমে প্রথম ৯ রাউন্ডে তারা করেছিল ৪২টি গোল।
এখানেই শেষ নয়, আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে কাতালান ক্লাবটি। লা লিগার এক মৌসুমে প্রথম ৯ ম্যাচ শেষে সেরা গোল ব্যবধানের রেকর্ডেও রিয়াল মাদ্রিদকে স্পর্শ করেছে বার্সেলোনা। ৯ ম্যাচে ৩৯ গোল দেওয়ার পাশাপাশি তারা হজম করেছে ৯টি (গোল ব্যবধান ৩০)। ১৯৮৭-১৯৮৮ মৌসুমে রিয়াল মাদ্রিদ ৩২টি গোল করে ২টি হজম করে একই গোল ব্যবধানের (৩০) রেকর্ড গড়েছিল।
এদিনের বিশাল জয়ের পর ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেছে ৫ পয়েন্টে। অন্যদিকে, হেরে যাওয়া রিয়াল বেতিস ১৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗