ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিলখুড়ি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় শিলখুড়ি ইউনিয়নের সাবেক ইউ'পি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা কমিটি অনুমোদনে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তোলেন। ইউনিয়ন বিএনপির ত্যাগী, নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি করে এমন ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিতর্কিত কমিটি বাতিল করে অনতিবিলম্বে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গ্রহণ যোগ্য কমিটি অনুমোদনের দাবি জানায়।শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ বলেন, ইউনিয়ন বিএনপির ত্যাগী, নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে উপজেলা কমিটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি করে এমন ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। সভায় আগামী ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বলেন, একটি ইউনিয়নে অসংখ্য ত্যাগী ও যোগ্য নেতাকর্মী থাকেন। সবাইকে কমিটিতে পদে রাখা সম্ভব হয়না। যারা পদ পাননি তারা ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পাটির কর্মী সমর্থকদের অন্তর্ভুক্ত করার দাবি ভিত্তিহীন।
