প্রকাশিত: ১৮:৪১, ২২ অক্টোবর ২০২৬
রাসেল খান
সংগীতাঙ্গনের পরিচিত মুখ ও প্রিয় গিটারবাদক রাসেল খান মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।
যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তার স্ট্রোক হয়েছিল।
৩ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে গিটারবাদক হিসেবে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তার গিটারের সুর ছিল চেনা অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান। ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজান তিনি। সেটিই ছিল তার শেষ মঞ্চ পরিবেশনা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে রাসেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
